চীন সফররত বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বেইজিংয়ে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রেট হল অব দ্য পিপলে ভাইস প্রেসিডেন্ট হান জেং এবং চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন দলটি।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের কৌশলগত দিক, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, বৈদ্যুতিক যানবাহন, হালকা ও মাঝারি শিল্প এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া স্বাস্থ্য খাতে সহযোগিতা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, রোবোটিক সার্জারি, টিকাদান কর্মসূচি এবং প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল বাস্তবায়নের বিষয়েও আলোচনা উঠে আসে। শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, চীনা ভাষা শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নের দিকেও জোর দেওয়া হয়।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের কার্যকর ভূমিকা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। একই সঙ্গে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়।
বৈঠকে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ বাড়ানো, নিয়মিত সংলাপ চালু রাখা এবং দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখার ওপর জোর দেয়।
চীনা নেতারা বাংলাদেশকে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও বিস্তৃত করা হবে। তারা অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন।