বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সৌদি আরবের মদিনায় কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে হজ ও ওমরাহ সংক্রান্ত সেবা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। এর ফলে বাংলাদেশি হজযাত্রীদের জন্য সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।
ধর্মমন্ত্রী তার বক্তব্যে সৌদি আরবের হজ ব্যবস্থাপনার অগ্রগতি তুলে ধরে বলেন, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় ব্যাপক আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হয়েছে। এ জন্য তিনি বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। পারস্পরিক আস্থা ও ধর্মীয় মূল্যবোধ এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
ধর্মমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-ওমরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।
বৈঠকের শুরুতে ধর্মমন্ত্রীকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বাগত জানায়। পরে ধর্মমন্ত্রী বাংলাদেশি হজ ও ওমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি মন্ত্রীর কাছে তুলে দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌজন্য উপহার প্রদান করা হয় এবং সৌদি মন্ত্রীও পাল্টা শুভেচ্ছা উপহার দেন।
এ সময় ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ধর্মমন্ত্রী।