শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠাবে। প্রথম দফায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের পাঠানোর পরিকল্পনা রয়েছে।
শ্রমবাজার চালুর বিষয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সিকে সরাসরি অনুমোদন দেওয়া হয়েছে। আরও ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এর সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলও যুক্ত থাকছে।
ফলে বাংলাদেশ থেকে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের জন্য এই সুযোগ তৈরি হয়েছে।
এদিকে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ১৬টি মেডিকেল সেন্টার দিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। পরে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বাংলাদেশে এসে নতুন নীতিমালা অনুযায়ী মেডিকেল সেন্টারগুলো যাচাই করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবেন।
কর্মীদের হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমানবন্দরে হয়রানি বন্ধের পাশাপাশি কর্মীদের সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানে যোগদান এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী বেতন, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।