শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি ক্ষমতার প্রভাব ব্যবহার করে মন্ত্রীদের স্বজনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড সরবরাহের কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি পায়।
দেশে কর্মসংস্থান, বিনিয়োগ ও বাজার পরিস্থিতির সংকটের কথা তুলে ধরে তিনি লেখেন, এসব সমস্যার বিপরীতে মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগই বারবার সামনে আসছে। কখনো কোনো মন্ত্রীর ছেলে, কখনো স্ত্রী, আবার কখনো ভাইয়ের নাম এসব অভিযোগে উঠে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার মধ্যাহ্নভোজের উদাহরণ দিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারের সদস্যদের ঘিরে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে।
তিনি প্রশ্ন তোলেন, জনগণকে সাশ্রয়ের উপদেশ দেওয়া হলেও ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ—এটাই কি তাহলে ‘আই হ্যাভ আ প্ল্যান’?