ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে প্রেমিকের বাড়ির সামনে পাঁচদিন ধরে অনশনে বসে আছেন এক কিশোরী।তিনি নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক হিসেবে পরিচয় দেন। তার অভিযোগ, ছাত্রলীগের সঙ্গে জড়িত এক যুবক তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তুলেন। সম্পর্কের সময় শারীরিক ঘনিষ্ঠতাও হয়েছে বলে দাবি করেন তিনি, যা প্রমাণ হিসেবে কিছু ছবিও দেখিয়েছে।
সে জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু প্রেমিক তন্ময় এখন বিয়ে করতে অস্বীকার করছে। বরং পরিবারের সহায়তায় তাকে গোপনে সরিয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ কিশোরীর। কিশোরীর দাবি, সম্প্রতি সে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় অকৃতকার্য হয়েছে। বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় সে অনশনে রয়েছে।
এদিকে, তন্ময়ের পরিবারের বিরুদ্ধে কিশোরীকে গালিগালাজ, হুমকি ও শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ২২ জুলাই চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, "কিশোরী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তন্ময়ের বাবা-মা তাদের ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, "একটি মহলের ইন্ধনে মিথ্যা অভিযোগ এনে আমাদের ছেলেকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে।"
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।