মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে রিজভী বলেন, ‘একটা পুলিশ বাহিনীর প্রধান, তিনি সরকারের একটা অংশ। তিনি ক্রসফায়ারের কথা বলেন কী করে?’
পুলিশপ্রধানের বক্তব্য নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, দেশে সন্ত্রাস ও অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব এসব আইন কার্যকর করা। বেআইনি পদ্ধতিতে অপরাধ দমন সম্ভব নয়—গুম হোক কিংবা ক্রসফায়ার।
রিজভী বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়তে চান। এমন সময়ে আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য উদ্বেগের পাশাপাশি সরকারকে বিব্রত করেছে।
পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তাঁদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ দিলে প্রচলিত আইনেই সন্ত্রাস ও অপরাধ দমন করা সম্ভব।
অনুষ্ঠানে তরুণদের দক্ষ ও স্বাবলম্বী করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন রিজভী। দেশ পুনর্গঠনে তরুণদের বিশৃঙ্খলার পরিবর্তে উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তারেক রহমানের সামাজিক নিরাপত্তা পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সুরক্ষায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়িত হলে দারিদ্র্য কমবে বলেও দাবি করেন তিনি।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান, মানবিক সেবা, বৃক্ষরোপণ ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান রিজভী।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।