বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে একটি বাসে এবং একই দিন ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে দাঁড় করিয়ে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় বাসটির পেছনের দিকের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও বডির কিছু অংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা।
শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন।
অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে সড়কের পাশে পার্কিং করা আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। বাস দুটি ছিল বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের।
আগুনে বিকল্প পরিবহণের বাসটির সব আসন, জানালার কাচ ও বডি পুড়ে গেছে। এতে বাসটির আনুমানিক আট থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বাসের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।