সোমবার (৬ অক্টোবর) রিয়াদে চুক্তি স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী।
সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ধরে এটি প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি। এর মাধ্যমে বাংলাদেশের দক্ষ কর্মীদের বিভিন্ন পেশায় সৌদি আরবে নিয়োগের সুযোগ বাড়বে এবং কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে।
এর আগে, ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই চুক্তি ভ্রাতৃপ্রতিম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হবে।
চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী ও ড. আসিফ নজরুলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, ইকামা নবায়ন, এক্সিট ভিসা ও প্রবাসী কর্মীর কল্যাণ নিশ্চিত করার দিকগুলো গুরুত্বসহ আলোচনা করা হয়। সৌদি মন্ত্রী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশনের উপপ্রধান এস এম নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।