বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।
দক্ষিণ কোরিয়া সফর শেষে বাংলাদেশে আসেন হাকান ফিদান। ২০২০ সালের ডিসেম্বরের পর এটিই তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।
এদিকে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রভাবশালী কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন হাকান ফিদান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পরে শুক্রবার দুপুরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি এবং তুরস্কের মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখবেন তিনি।
সফরের শেষ দিনে শনিবার (৬ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্কের রাজধানী আঙ্কারায় দ্বিপক্ষীয় সফর করেন। সেই সফরের ধারাবাহিকতাতেই হাকান ফিদানের ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে।