জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রাজনৈতিক মতভেদ এবং দর্শনে পার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশের স্বার্থে সব রাজনৈতিক দল এখন এক অবস্থানে আছে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিভিন্ন দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি সেই ঐক্যেরই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আখতার হোসেন বলেন, “আমরা নিউইয়র্কে পৌঁছানোর পর কিছু উসকানিমূলক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছিল আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ থেকে। তবে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মঞ্চে স্পষ্ট করে বলেছেন—বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসন ফিরে না আসে, ক্ষমতা যেন আর কুক্ষিগত না হয় এবং জনগণের ওপর যেন জুলুম-নির্যাতন না চলে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক মতের অমিল থাকা স্বাভাবিক, তবে বাংলাদেশ প্রশ্নে সবাই এক। প্রধান উপদেষ্টা যে অন্তর্ভুক্তিমূলক মানসিকতার পরিচয় দিয়েছেন, তা গণতন্ত্রের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”
আখতার হোসেন মনে করেন, এই সফর শুধু একটি আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রম নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক সহাবস্থানের বার্তা দিয়েছে। তিনি বলেন, “ভিন্ন মত থাকা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সব দল একসাথে কাজ করতে পারে—এবারের সফর সেটিই প্রমাণ করেছে।”
তিনি আরও যোগ করেন, “রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের প্রশ্নে নেতারা যে এক হতে পারেন, জাতিসংঘ সফর তার বাস্তব উদাহরণ।”
সোর্স: যমুনা টেলিভিশন