দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমন নতুন এক সিনেমা প্রকল্পে যুক্ত হচ্ছেন। ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে ব্যবহারের পর তার গাওয়া ‘চাইতেই পারো’ গানটি আবারও আলোচনায় আসে। এবার পরিচালক রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘আন্ধার’-এ থাকছে তার নতুন গান, পাশাপাশি শোনা যাবে তার আগের কিছু গানও।
সুমনের ভাষ্য, সিনেমা মুক্তির আগে গানগুলো নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এই ছবিতে দর্শক ভিন্ন স্বাদের সংগীত উপভোগ করবেন। শুধু গানই নয়, সিনেমাটির গল্প লেখার কাজেও যুক্ত আছেন তিনি। ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী ও আদনান আদিব খানের সঙ্গে যৌথভাবে গল্পটি লিখেছেন সুমন।
ছবিটি সম্পর্কে তিনি জানান, এটি কেবল ভৌতিক গল্পে সীমাবদ্ধ নয়; এতে আছে রোমাঞ্চ, অ্যাকশন, হাস্যরস এবং গোয়েন্দাধর্মী উপাদানের মিশেল। তার মতে, এ ধরনের ঘরানার সিনেমা দেশে আগে দেখা যায়নি।
ভৌতিক গল্পের প্রতি ব্যক্তিগত আগ্রহ থেকেই সুমন ও শাকিব চৌধুরী একসময় দেশের নানা জায়গায় ঘুরে অভিজ্ঞতা সংগ্রহ করেছেন, যা ‘আন্ধার’-এর গল্প নির্মাণে প্রভাব ফেলেছে।
ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত ও মোস্তফা মনওয়ারসহ আরও অনেকে। গত বছর শুটিং শেষ হওয়া সিনেমাটি চলতি বছর মুক্তির পরিকল্পনা রয়েছে।