‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমন যোশি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রে। ‘ভালোবাসার মরশুম’ নামের এই ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের তানজিন তিশা এবং টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন এম এন রাজ, যিনি ‘রাবণ’ সিনেমা পরিচালনার মাধ্যমে আলোচনায় আসেন।
বাংলা সিনেমায় যাত্রা শুরু করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমন যোশি। 'থ্রি ইডিয়টস'-এ রাজু চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। ‘ভালোবাসার মরশুম’ নামের এই সিনেমায় 'আবির' চরিত্রে দেখা যাবে তাকে।
প্রথমদিকে গৌরব চরিত্রে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের তরুণ অভিনয়শিল্পী খায়রুল বাসারের। তবে শিডিউল জটিলতার কারণে শেষ পর্যন্ত তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে হিয়া চরিত্রে অভিনয় করবেন বাংলা নাটকের জনপ্রিয় মুখ তানজিন তিশা। পারমিতা চরিত্রে থাকছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
ছবিটির পরিচালনায় রয়েছেন এম এন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করে প্রশংসিত হন। নতুন প্রজন্মের প্রেম ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘ভালোবাসার মরশুম’।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শারমন যোশি জানান, এই সিনেমার জন্য তিনি বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। তিনি বলেন, “সত্যজিৎ রায়ের সিনেমার বড় ভক্ত আমি। আঞ্চলিক ভাষার চলচ্চিত্রে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। যদিও এর আগে কখনও বাংলা ছবিতে কাজ করা হয়নি, তবে বাংলা সিনেমার একজন নিয়মিত দর্শক আমি।”
(তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা)