শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা সংস্করণের এক টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, এ ধরনের আলোচনার কোনো বাস্তব ভিত্তি নেই, এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রচার।
রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই তার সঙ্গে যোগাযোগ করেছে। সেই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাকে দলে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল।
তিনি বলেন, দলটির পক্ষ থেকে একাধিকবার তাকে আহ্বান জানানো হয়—একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয় এবং জুলাই আন্দোলনে তার ভূমিকার কথাও তুলে ধরা হয়। তবে এসব প্রস্তাবে তিনি সাড়া দেননি এবং বিষয়টি নিয়ে তেমন গুরুত্বও দেননি।
সংসদে কথা বলার সুযোগ বাড়াতে দল বদল করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, কেবল বক্তব্য দেওয়ার সুযোগের জন্য কোনো রাজনৈতিক জোটে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তার মতে, মত প্রকাশের জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান ও আদর্শ বদলে সীমিত সুবিধার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব নয়।