প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নিয়ম আরও সহজ করলো নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় ইসি। নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসীর পাসপোর্ট না থাকলেও তিনি ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত এসওপিতে উল্লেখ করা হয়েছে, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসরত তিনজন বাংলাদেশি এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া যাবে। পাশাপাশি আবেদনকারীর বাংলাদেশি নাগরিকত্ব প্রমাণে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে।
এসওপিতে আরও বলা হয়েছে, নিবন্ধন প্রক্রিয়ার জন্য অতিরিক্ত দলিলাদিও জমা দেওয়া যাবে। যদি আবেদনকারী নিজে তা করতে না পারেন, তবে বাংলাদেশে অবস্থানরত তার প্রতিনিধি সেই কাগজপত্র সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দিতে পারবেন।
বর্তমানে নয়টি দেশে—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা—দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। এসব দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন কমিশনের কাছে এসেছে।