নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে চিঠি দিয়ে জানিয়েছে, তাদের প্রাথমিকভাবে চাওয়া শাপলা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর অনুমোদিত তালিকায় নেই। তাই দলটিকে নতুন প্রতীক বাছাই করতে হবে।
ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম জানান, দলটির আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল ফোন চাওয়া হয়েছিল, পরে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা দাবি করা হয়। তবে এ সব প্রতীক অনুমোদিত তালিকায় নেই।
এবার এনসিপিকে নিম্নলিখিত ৫০টি বিকল্প প্রতীক থেকে পছন্দ করতে বলা হয়েছে:
আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস, হেলিকপ্টার।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলটি ৭ অক্টোবরের মধ্যে নির্বাচিত প্রতীক ইসিকে লিখিতভাবে জানাবে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন,
“রাজনৈতিক দলগুলো অনেক কিছু বলতে পারে, তবে কমিশন আইন অনুযায়ীই কাজ করবে। এটা কোনো হুমকি নয়। তারা দেশপ্রেমিক, দেশের কল্যাণ চায়।”
বর্তমানে দেশে ৫২টি নিবন্ধিত দল রয়েছে। ২০০৮ সালে নিবন্ধন ব্যবস্থা চালু হওয়ার পর মোট ৫৬টি দল নিবন্ধন পেয়েছিল। পরবর্তীতে শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের রায় অনুযায়ী পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। সম্প্রতি জামায়াতে ইসলামী ও জাগপার মধ্যে কেবল জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনসিপিসহ দুই দলকে নতুনভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরও ১৩টি দলের আবেদন পর্যালোচনায় রয়েছে।