গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “বৃহত্তর স্বার্থে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে আমাদের যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করতে হয়, আমরা তা করব। তবে আমাদের সম্ভাব্য আসনগুলোতে প্রার্থীরা নিজেদের প্রতীক ‘ট্রাক’-এই নির্বাচন করবেন।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশ ও প্রার্থিতা পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর আরও বলেন, “নির্বাচন কমিশনের অধ্যাদেশ অনুযায়ী, কোনো দল জোট গঠন করলে ভোট করতে হবে নিজেদের প্রতীকেই। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
তিনি স্মরণ করিয়ে দেন, “মানুষের মুক্তির আন্দোলনে আমরা রাজপথে লড়েছি, সেই মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। বড় রাজনৈতিক দলগুলো যেমন সিলেট থেকে তাদের প্রচারণা শুরু করে, আমরাও সেই ধারাবাহিকতায় সিলেট থেকেই আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছি।”
সমাবেশে নুর গণঅধিকার পরিষদের সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
প্রধান বক্তা হিসেবে অ্যাডভোকেট জাহিদুর রহমান বলেন, “বিপ্লবের চেতনা এখনো আমাদের ভেতরে জাগ্রত আছে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আইনের শাসন স্বাধীনভাবে চলবে, আর জনগণ তাদের প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। আমরা নেতা হতে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। সিলেট-৬ আসনটি গণঅধিকার পরিষদকে উপহার হিসেবে দিতে জনগণের সমর্থন চাই।”