মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে চারটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় সৃষ্ট উদ্বেগপূর্ণ পরিস্থিতি নিয়ে এ বৈঠক হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দু’টি বিষয় স্পষ্টভাবে তুলে ধরা হয়—
১. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যেন আরও কঠোর ও সক্রিয় ভূমিকা নেয়।
২. সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন প্রক্রিয়ায় অগ্রসর হওয়া।
এছাড়াও, আসিফ নজরুল জানান—"সব রাজনৈতিক দলই স্পষ্ট করেছে যে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের কোনো মতপার্থক্য নেই। রাজনৈতিক মাঠে পারস্পরিক সমালোচনা থাকলেও তা কৌশলগত ও প্রক্রিয়ার অংশ মাত্র। এতে ঐক্যে কোনো বিভ্রান্তি তৈরি হওয়া উচিত নয়।"
প্রধান উপদেষ্টা ইউনূসও একাত্মতা প্রকাশ করে বলেন—"আপনারা যদি জনগণের সামনে একসঙ্গে থাকেন, তাতে মানুষের মনে আশার আলো জ্বলবে। মানুষ এই ঐক্য দেখতে চায়।"
বৈঠকে অংশ নেওয়া দলগুলো আরও জানায়—তারা নিয়মিত ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে এবং প্রধান উপদেষ্টার ডাক পেলে সাড়া দিচ্ছে। এই উপস্থিতি ও প্রতিশ্রুতি তাদের ঐক্যের প্রমাণ।
এছাড়া, তারা প্রশাসনকে পরামর্শ দিয়েছে— দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ও সহিংস দলগুলো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।