বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আহরণ ও সরকারি ব্যয় কাঠামো আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অর্থনৈতিক স্বচ্ছতা প্রতিবেদন ২০২৫-এ মোট আটটি সুপারিশ দেওয়া হয়। এর মধ্যে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের চুক্তি ও সরকারি ক্রয়চুক্তি উন্মুক্ত করার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার আইন ও বিধি দ্বারা প্রাকৃতিক সম্পদ উত্তোলনের প্রক্রিয়া নির্ধারণ করেছে এবং তা অনুসরণ করছে। তবে সরকারি ক্রয়চুক্তি সম্পর্কিত তথ্য সীমিত পরিসরে প্রকাশিত হয়েছে। এছাড়া সরকার পরিবর্তনের কারণে দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ নিরীক্ষা না করলেও কিছু সংক্ষিপ্ত ফলাফল প্রকাশ করেছে, যা জনগণের জন্য উন্মুক্ত।
স্বচ্ছতা বাড়াতে প্রতিবেদনে আরও সুপারিশ করা হয়েছে— সময়মতো প্রতিবেদন প্রকাশ, আন্তর্জাতিক মানে বাজেট প্রণয়ন, নির্বাহী দফতরের ব্যয় পৃথকভাবে উপস্থাপন, পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত করা, নিরীক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সম্পদ নিশ্চিত করা এবং নিরীক্ষা প্রতিবেদনে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ।
প্রতিবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার প্রাকৃতিক সম্পদ বিষয়ক তথ্য উন্মুক্তের উদ্যোগ নিলেও রাষ্ট্রীয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রকাশিত হয়নি। বাজেট ও নিরীক্ষার তথ্যও জনসাধারণের নাগালে আসেনি।
প্রসঙ্গত, প্রতিবেদনটি প্রতিবছর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশ করে। এতে বাজেট প্রক্রিয়া, সরকারি ব্যয়, কর আদায় ও প্রাকৃতিক সম্পদ থেকে আয়ের স্বচ্ছতা মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে জনগণের টাকার সঠিক হিসাব এবং রাষ্ট্রীয় অর্থে দুর্নীতি বা অপব্যবহার হয়েছে কি না তা বোঝা যায়। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণেও প্রভাব ফেলে