৯০ দশকের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড় এসেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর একদিন আগে, সোমবার (২০ অক্টোবর) আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে রূপান্তরের আদেশ দেন। একই রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে ধরা হলেও পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, এটি আত্মহত্যা নয়, হত্যা। ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী মামলাটিকে হত্যা মামলা হিসেবে পুনর্বিবেচনার আবেদন করেন।
এরপর একাধিক তদন্তে আত্মহত্যার সিদ্ধান্তে উপনীত হলেও সালমানের পরিবার সবসময় তা প্রত্যাখ্যান করেছে। সর্বশেষ পিবিআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে ২০২১ সালের ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ আসামিদের অব্যাহতি দেন।
পরে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে এই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়, যা ২০২২ সালের ১২ জুন গ্রহণ করে আদালত। দীর্ঘ সময় পর চলতি বছরের ১৩ অক্টোবর শুনানি শেষ হয় এবং ২০ অক্টোবর আদেশের দিন নির্ধারণ করা হয়।
অবশেষে আদালত মামলাটিকে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুনরায় তদন্তের নির্দেশ দেন। তদন্ত সংস্থাকে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।