আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে বিসিবির ভোটগ্রহণ। তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুইজনসহ মোট ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হন নতুন সভাপতি ও সহসভাপতিরা।
বিসিবির সর্বশেষ কমিটিতেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বুলবুল। তার সঙ্গে সহসভাপতি ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেন, তবে পরিচালকদের অনাস্থা ভোটে তিনি পদ হারান এবং তার স্থলাভিষিক্ত হন বুলবুল। এবার আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে সহসভাপতি পদে ফিরে এলেন ফারুক আহমেদ, অন্য সহসভাপতি হয়েছেন এম শাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি–১ বা আঞ্চলিক বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগের নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম বিভাগের আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশালের এম শাখাওয়াত হোসেন, সিলেটের রাহাত শামস, রাজশাহীর মোখলেসুর রহমান এবং রংপুরের হাসানুজ্জামান।
ক্যাটাগরি–২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি–৩ বা সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান কোটা থেকে নির্বাচিত হয়েছেন সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রার্থী দেবব্রত পালকে পরাজিত করেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।