রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করা ও তাৎক্ষণিক উত্তর পাওয়া কার্যকর সংসদের মূল ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে তারকা চিহ্নিত প্রশ্নগুলো শুধু টেবিলে দেওয়া হচ্ছে, ফলে সম্পূরক প্রশ্নের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।
তার মতে, এতে সংসদ সদস্যদের অধিকার সীমিত হচ্ছে এবং মন্ত্রীদের জবাবদিহিতাও দুর্বল হয়ে পড়ছে। তিনি প্রশ্ন তোলেন, এই ধারা চলতে থাকলে সংসদ কি কেবল পূর্বনির্ধারিত বক্তব্যের মঞ্চে পরিণত হবে?
বক্তব্যে তিনি সাম্প্রতিক একটি গ্রেফতার প্রসঙ্গও টেনে আনেন। কার্টুন বা মিম শেয়ার করার অভিযোগে একজন ব্যক্তিকে আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মতপ্রকাশের কারণে এ ধরনের ব্যবস্থা গ্রহণ প্রশ্নবিদ্ধ।
সংসদে জবাবে স্পিকার জানান, নির্ধারিত নিয়ম মেনে বিষয় উত্থাপন করতে হয়, তবে ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হবে।
চিফ হুইপ বলেন, কেবল ব্যঙ্গচিত্রের কারণে গ্রেফতার হয়ে থাকলে বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তবে একই সঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অন্য কোনো অপরাধের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।