হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রামে অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে ছয়টি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি এবং আরও কয়েকটি বিদেশি এয়ারলাইনের ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অগ্নিকাণ্ডের কারণে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের অন্তত পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কার্গো ভিলেজের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। দ্রুতই তা ছড়িয়ে পড়ে আশপাশের অংশে। সেখানে আমদানি করা নানা পণ্য মজুদ ছিল বলে জানা গেছে।