শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপে “আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি ও বিদেশি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সর্বস্তরের মানুষকে সতর্ক থাকতে হবে এবং “আমরা সবাই বাংলাদেশি” — এই পরিচয়কে ধারণ করতে হবে।
তিনি বলেন, একটি জাতি কেবল ভাষা, সংস্কৃতি বা ধর্ম দিয়ে গঠিত হয় না; বরং সব ধর্ম, ভাষা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি মিলেই জাতি গঠন করে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় আনার জন্য কোটা ব্যবস্থা চালু রয়েছে, যা বিশ্বের প্রায় সব দেশেই প্রচলিত। ভবিষ্যতে ৫০ থেকে ১০০ বছরের মধ্যে হয়তো এর প্রয়োজনীয়তা কমে যেতে পারে।
রাজনৈতিক বিভাজন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পরও পক্ষ-বিপক্ষের বিভাজন সৃষ্টি করে জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখা গেছে। যাদের মুক্তিযুদ্ধবিরোধী বলা হয়, তারাও বিজয়ের পর সেটি অস্বীকার করেননি। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভেঙে দেওয়ার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে।