মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগের অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে করা যেসব হয়রানিমূলক ও বানোয়াট মামলা চিহ্নিত করা হয়েছিল, সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এসব মামলায় রাজনৈতিক কর্মী, বিভিন্ন পেশাজীবী এবং সাংবাদিকদেরও আসামি করা হয়েছিল।
তবে খুন, বিস্ফোরক, অস্ত্র, মাদক এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলাগুলো এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে বলে জানান মন্ত্রী। বাকি মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধেও একাধিক খুন, বিস্ফোরক ও অস্ত্রের মামলা রয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন। এ ধরনের মামলা পুনরায় খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে যাতে এই প্রক্রিয়ার অপব্যবহার না হয়, সে জন্য একটি যাচাই কমিটি গঠনের বিষয়েও ভাবা হচ্ছে।
৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলার ক্ষেত্রেও শত্রুতাবশত ও হয়রানির উদ্দেশ্যে আসামি করার অভিযোগ এসেছে বলে উল্লেখ করেন তিনি। এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী, যাতে আইনের শাসন নিশ্চিত করা যায়।