সরকার জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন উড়োজাহাজ কেনার বড় একটি চুক্তির পথে এগিয়েছে। যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এই ক্রয়চুক্তি স্বাক্ষরের জন্য বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন রাখা হয়েছে।
অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক এবং বিমান খাতের সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ, আর বোয়িংয়ের প্রতিনিধি তাদের পক্ষ থেকে সই করবেন।
বিমান সূত্র জানায়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকতে পারেন।
প্রস্তাবিত এই চুক্তির আওতায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) মোট ১৪টি উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে থাকবে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।
কর্মকর্তারা বলছেন, যাত্রীসংখ্যা বাড়তে থাকায় বহর আধুনিক করা এবং দীর্ঘপাল্লার রুটে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে চলবে, আর ৭৩৭ ম্যাক্স ব্যবহৃত হবে স্বল্প ও আঞ্চলিক রুটে।
এই বড় অর্ডারকে ঘিরে গত তিন বছর ধরে বোয়িং ও ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। শেষ পর্যন্ত বোয়িং চুক্তিটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এর আগে ২০২৩ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সফরসহ নানা কূটনৈতিক তৎপরতার কারণে এয়ারবাস কিছুটা এগিয়ে ছিল এবং তারা বহরে বৈচিত্র্য আনার বিষয়েও জোর দিয়েছিল।