মেহেরপুরে এনসিপির জেলা কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে না পাওয়ায় পরিবারসহ স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ কামরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং হায়দার আলীর সন্তান। এ ঘটনায় তার ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর তার বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তিনি কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি ও নীল রঙের ব্লেজার পরিহিত ছিলেন।
তিনি আরও বলেন, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখনো কোনো তথ্য মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নির্দিষ্ট কোনো অগ্রগতি জানানো হয়নি। এতে পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ বিভিন্নভাবে অনুসন্ধান চালাচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। অপহরণের আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, এখনো তেমন কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে দ্রুত সন্ধান পেতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।