এই উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে সারাদেশে একযোগে তিন দিনব্যাপী এ মেলা শুরু হলো, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। দেশের সব জেলা ও উপজেলায় একই সময়ে ভূমিসেবা কার্যক্রম ও প্রদর্শনী চলবে।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের একটি হলো বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি।
তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে, যাতে সাধারণ মানুষকে হয়রানি ও দুর্নীতির শিকার না হতে হয়। তার ভাষায়, রাষ্ট্রীয় সেবা কোনো অনুগ্রহ নয়, এটি জনগণের অধিকার। প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যা দেশের টেকসই উন্নয়নকে এগিয়ে নেবে।
এছাড়া তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রচলিত আদালতের পাশাপাশি গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।