চাঁদাবাজি ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “চাঁদাবাজ যেই হোক, তার বিরুদ্ধে সংগ্রাম চলবে। সে বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দলেরই হোক না কেন। আগামী দিনে যেন কেউ চাঁদাবাজি করতে না পারে—এটাই আমাদের অবস্থান।”
সোমবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সম্মেলন শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজন করা হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “যারা চাঁদাবাজি করছে, তারা নিজেরা তথাকথিত শিক্ষিত হলেও চরিত্রহীন। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়েই তুলতে হবে।”
তিনি বলেন, “বর্তমান শিক্ষানীতি জনগণের কল্যাণে নয় বরং এক ধরনের বিকৃত মানুষ তৈরির নীতি। এখন দেশে মানুষ নয়, মানুষরূপী পশু তৈরি হচ্ছে।”
শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের জোর দাবি জানিয়ে তিনি বলেন, “এখন সময় এসেছে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার। শিক্ষার উন্নয়ন ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।”
সংবাদ সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি, এমপিওভুক্ত এবং কারিগরি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবি তারা জানিয়ে আসছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কাছে তাদের ২৫ দফা দাবি রয়েছে এবং এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান