স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানিয়েছেন, আগুনে নিহত সবাই বাংলাদেশের নাগরিক। তবে এখনো তাদের নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ভারতের পিটিআই, এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যমও জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত ৯ জনই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিউ মার্কেট এলাকার কাছে মির্জা গালিব স্ট্রিটের ১৫এইচ নম্বর ভবনে থাকা আবাসিক হোটেলটিতে স্থানীয় সময় গত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে। দমকলকর্মীরা হোটেল থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। পরে আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানান, আগুনের সময় ভবনটির ভেতরে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় ওপরের তলাগুলোতে পৌঁছাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ সমস্যায় পড়তে হয়।
এদিকে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এনডিটিভি জানিয়েছে, এয়ার কন্ডিশনার বা এসি বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিত নয়।