মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার ৮২তম এবং আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইশরাক হোসেন বলেন, জনগণের প্রত্যাশা বুঝে রাজনীতি করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আচরণেও দায়িত্বশীলতা ও শিষ্টাচার বজায় রাখা প্রয়োজন। খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যে শিক্ষা দিয়ে গেছেন, তা সামনে রেখেই দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।
বিপুল জনসমর্থনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে ইশরাক বলেন, এই সমর্থন ধরে রাখতে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া যেমন একটি বড় দায়িত্ব, তেমনি জনগণের বিশ্বাস অটুট রাখাও গুরুত্বপূর্ণ। কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড যেন মানুষের মনে সরকারের প্রতি তৈরি হওয়া আস্থাকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান ইশরাক। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনৈতিক আদর্শ নিয়ে কাজ করার প্রত্যাশা জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।