বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের পর বর্তমান সংসদ গঠিত হয়েছে। তাই সংসদের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মিজানুর রহমানের আগের দিনের বক্তব্যের প্রসঙ্গ টেনে পার্থ বলেন, তিনি কাউকে বিব্রত করতে চান না। তবে ভবিষ্যতে যদি তার মাইক্রোওয়েভ ওভেনের প্রয়োজন হয়, তাহলে ব্যক্তিগতভাবে সেটির ব্যবস্থা করতে প্রস্তুত আছেন। একই সঙ্গে রসিকতার ছলে ওয়াশিং মেশিন ও পর্দার ব্যবস্থার কথাও উল্লেখ করেন।
পার্থের ভাষ্য, সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জায়গা। সেখানে সংসদ সদস্যদের বক্তব্যে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোই বেশি গুরুত্ব পাওয়া উচিত। তিনি বলেন, সাম্প্রতিক একটি বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে তাকে ফোন করে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে, যা সংসদের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।
তিনি আরও বলেন, অতীতে সংসদ সদস্যদের জন্য গাড়ি বা প্লটের মতো সুযোগ-সুবিধা না নেওয়ার সিদ্ধান্তের কথাও আলোচিত হয়েছে। এমন প্রেক্ষাপটে সংসদে ব্যক্তিগত সুবিধাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা কতটা যৌক্তিক, সেটি বিবেচনা করা প্রয়োজন।
উল্লেখ্য, বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের এমপি মিজানুর রহমান সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে এখনো পর্দা লাগানো হয়নি বলে অভিযোগ করেন। একই সঙ্গে ফ্ল্যাটগুলোতে মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন দেওয়ার দাবি জানিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।