বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগকে মাফ করে দেওয়া এবং দলটির কর্মকাণ্ড বৈধ করার বিষয়ে একটি রাজনৈতিক দলের বক্তব্যই তাদের অবস্থানের প্রমাণ। অপপ্রচার ও কুৎসা ছড়ানোর ক্ষেত্রে আওয়ামী লীগ ও ওই দলের মধ্যে তেমন পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, একটি দল নিষিদ্ধ ঘোষিত, অন্যটি এখন বিরোধী দলের ভূমিকা পালন করছে। বিভিন্ন ঘটনা ও তাদের বক্তব্যে পরাজিত শক্তির সঙ্গে ওই দলের আচরণের মিল দেখা যায় বলে দাবি করেন তিনি।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে অতীতে অপপ্রচার ও মিথ্যাচারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেখিয়েছে, সরকার সতর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা তাদের উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ পায় না।
তিনি বলেন, দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিএনপিকে সম্পৃক্ত করেছেন প্রধানমন্ত্রী। বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের সঙ্গে যোগাযোগ এবং পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। দলের নেতাকর্মীরাও নিরাপত্তা নিশ্চিতে দিনরাত কাজ করেছেন।
রিজভী আরও বলেন, বিএনপি স্বচ্ছতার সঙ্গে কথা বলে ও কাজ করে এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর বাস্তবায়ন করছে বলেও দাবি করেন তিনি।