মার্কিন বাণিজ্য বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসছেন। তিন দিনের এই সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য।
আজ মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হওয়া এই সফরে প্রতিনিধি দলটি নীতিগত সমন্বয়, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে।
সফরের শুরুতেই সকালে সচিবালয়ে বাণিজ্য সচিব (চলতি দায়িত্ব) ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করবেন ব্রেন্ডান লিঞ্চ। সেখানে দুই দেশের বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় উঠে আসবে বলে জানা গেছে।
এরপর প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েও তাদের কর্মসূচি রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পরদিন অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিকে শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন খাতের সংশ্লিষ্টদের নিয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেবেন মার্কিন প্রতিনিধি দল। এতে বাস্তব সমস্যাগুলো এবং সম্ভাবনার দিকগুলো নিয়ে মতবিনিময় হবে।
ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই জানান, এই সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা চলছে। বিশেষ করে বাণিজ্য বাধা কমিয়ে বাজারে প্রবেশ সহজ করা এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলোর একটি। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে প্রায় ৮৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির বড় একটি অংশ।