সিলেটের ওসমানীনগরে চুরি হওয়া একটি গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠেছে এক যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় সমালোচনার ঝড় ওঠে। পরে গরুর মালিককে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে গত ২৪ ফেব্রুয়ারি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তিনি যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দেশে এসে সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছিলেন। নির্বাচনী ব্যস্ততার মধ্যেই নিজের বাড়িতে ইফতারের আয়োজন করেন তিনি।
অভিযোগ রয়েছে, ওই মাহফিলে যে গরু জবাই করা হয়, সেটি ছিল চুরি করা। অনুষ্ঠানে সহস্রাধিক মানুষ অংশ নেন, এমনকি গরুর প্রকৃত মালিকও সেখানে উপস্থিত ছিলেন। পরে গ্রামে গরু চুরির খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়।
ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী জানান, এম আহমদ দেশে আসার আগেই বাড়ির তত্ত্বাবধায়কের কাছে গরু কেনার জন্য টাকা পাঠিয়েছিলেন। তবে ইফতারের আগের দিন তত্ত্বাবধায়ক একটি গরু এনে জবাই করেন। গরুটি চুরি করা ছিল—এ তথ্য প্রবাসী এম আহমদের জানা ছিল না। ঘটনা জানার পর তিনি গরুর মালিককে ডেকে ক্ষতিপূরণ দেন।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, তত্ত্বাবধায়ক হয়তো গরু কেনার টাকা অন্যভাবে ব্যবহার করেছিলেন। পরে আয়োজনের চাপ সামলাতে গিয়ে মাঠ থেকে অন্যের গরু এনে জবাই করেন। বাড়ির সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে বলে দাবি করা হয়। পরে গ্রামের সালিসে তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেন।
গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, চুরির ঘটনায় প্রবাসীর কোনো সংশ্লিষ্টতা ছিল না। বিষয়টি জানার পর তিনি ন্যায্য মূল্য দিয়েছেন। এতে তাঁর আর কোনো অভিযোগ নেই।
ঘটনার পর অভিযুক্ত তত্ত্বাবধায়ককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে এম আহমদ ইতোমধ্যে যুক্তরাজ্যে ফিরে গেছেন।