রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন আদালতে জমা পড়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদন দাখিল করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলার আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।
আবেদনটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন।
মামলার আবেদনে আসামি হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার কমান্ডিং অফিসার মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, ম্যানটেইনেন্স গ্রুপের অফিসার কমান্ডিং ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির উপদেষ্টা (অবসরপ্রাপ্ত কর্নেল) নুরনবী, প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, প্রশাসনিক প্রিন্সিপাল মো. মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান, রাজউক উত্তরা শাখার ফিল্ড সুপারভাইজার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
ঘটনার পটভূমিতে জানা যায়, গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের সময় হঠাৎ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এর একটি ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় মোট ৩৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে ২৮ জনই ছিল শিক্ষার্থী।
পরবর্তীতে গঠিত তদন্ত কমিটি গত ৫ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রশিক্ষণরত পাইলটের উড্ডয়নজনিত ভুলের কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।