মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তারা নিশ্চিত বোধ করেন—নির্বাচন হবে ন্যায্য, স্বচ্ছ ও নিরাপদ। তিনি আরও জোর দিয়ে বলেন, ডিসেম্বরের মধ্যে বডি-অন-ক্যামেরার ক্রয় ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচনকালীন সহিংসতা বা অপ্রত্যাশিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয়।
ড. ইউনূস বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও পরিস্থিতি মনিটরিংয়ের জন্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এটি এমন একটি কাঠামো গড়ে তুলবে, যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারবে না। বৈঠকে উপস্থিত ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বর্তমানে দেশের মধ্যে সীমিতসংখ্যক বডি-অন-ক্যামেরা ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো বিতরণ হলে প্রতিটি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বডি-অন-ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ সুপার ও থানাগুলোর মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
বৈঠকে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।