আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের (ইউকে) বাণিজ্যবিষয়ক দূত রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, গণতান্ত্রিক উত্তরণ এবং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এটি হবে জনগণের সত্যিকারের মতপ্রকাশের সুযোগ।” তিনি আরও বলেন, গত ১৬ বছরে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ‘গণতন্ত্রের নামে এক উপহাস’।
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের পর তিনি পূর্ববর্তী কাজে—সামাজিক ব্যবসা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে—ফিরে যেতে চান।
ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা রোধে সরকারের গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে ইউনূস বলেন, “এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে যুক্তরাজ্যের সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”
রোজি উইন্টারটন বাংলাদেশের সাম্প্রতিক ব্যবসায়িক সংস্কার, শুল্ক ও রাজস্ব ব্যবস্থার উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান চলাচল ও পরিচ্ছন্ন জ্বালানিখাতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মত প্রকাশ করেন।
এছাড়া বৈঠকে বাংলাদেশ কর্তৃক যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ কেনার প্রস্তাব এবং উপকূলীয় টহলজাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।