বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে অংশ না নিলেও, নির্বাচনে জয় তার নিশ্চিত ছিল বলে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি, নির্বাচনে দাঁড়ালে আমি জিততাম— এতে কোনো সন্দেহ নেই। ১৫টি ক্লাব থাকুক বা না থাকুক, আমার পক্ষে ভোট পড়তই। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল না কে আমাকে ভোট দেবে, বরং নির্বাচনটা যেন হয় স্বচ্ছ ও ন্যায্য— সেটাই ছিল আমার আসল অবস্থান।”
তিনি আরও বলেন, “ই–ভোটিংয়ের নামে পুরো দিন ভোটকেন্দ্রে বসে থাকা— এটা কতটা স্বচ্ছ তা নিয়েও প্রশ্ন আছে। নির্বাচন যদি সত্যিই সুষ্ঠু হতো, তাহলে আমাদের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসত না।”
তামিম অভিযোগ করেন, এবারের বিসিবি নির্বাচনে সরকারি প্রভাব এবং অনিয়ম ছিল স্পষ্ট। তৃতীয় বিভাগের ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদেই তিনি ও আরও ১৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। পরবর্তীতে সেই ক্লাবগুলো আবার ভোটাধিকারের সুযোগ পায়।
এক প্রশ্নের উত্তরে তামিম বলেন, “আমার জয় কারও সমর্থনের ওপর নির্ভর করত না। আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, কোনো টিমের দরকার হতো না— ক্রিকেটে আমার অবদানই যথেষ্ট ছিল আমাকে জেতানোর জন্য।”
ঘরোয়া ক্রিকেট বর্জনের প্রসঙ্গে তিনি বলেন, “যারা নির্বাচন আয়োজন করেছে, তাদের ভাবা উচিত ছিল এর প্রভাব কী হতে পারে। এখন যদি ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার দায় তাদেরই নিতে হবে।”