যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ নিজের বিদায়ী লড়াইয়ে অংশ নেন সিনা। তার প্রতিপক্ষ ছিলেন শক্তিশালী রেসলার গুন্থার। সিনার শেষ ম্যাচ দেখতে অ্যারেনায় দর্শকের ঢল নামে; সব আসন পরিপূর্ণ হয়ে ওঠে।
প্রায় ২৫ মিনিট ধরে চলা এই ম্যাচে শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। একপর্যায়ে সিনা নিজের চেনা ফিনিশিং মুভ ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’ প্রয়োগ করে ম্যাচে ফেরার চেষ্টা করেন। গ্যালারিতে তখন সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে। তবে প্রতিবারই শক্তিশালী পাল্টা আক্রমণে সিনার গতি রোধ করেন গুন্থার।
শেষদিকে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। গুন্থারের স্লিপার হোল্ডে আটকে গিয়ে একসময় আত্মসমর্পণ করতে বাধ্য হন সিনা। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে এটিই ছিল তার প্রথম ট্যাপ আউট। এমন পরিণতিতে দর্শকদের মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়ে, যদিও পুরো সময়জুড়ে সিনাকে দেখা যায় শান্ত ও সংযত।
ম্যাচ শুরুর আগেই অ্যারেনায় তৈরি হয় আবেগঘন পরিবেশ। রিংয়ের পাশে উপস্থিত ছিলেন সিনার ক্যারিয়ারের বহু পরিচিত মুখ—কার্ট অ্যাঙ্গেল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যাম, মিশেল ম্যাককুল ও ট্রিশ স্ট্রাটাস। দ্য রক ও কেইনের মতো কিংবদন্তিরা ভিডিও বার্তায় সিনাকে শুভকামনা জানান।
গুন্থার প্রথম রিংয়ে প্রবেশ করলে দর্শকদের দুয়ো শোনা যায়। এরপর জন সিনা তার চেনা থিম সংয়ে রিংয়ে নামতেই পুরো স্টেডিয়াম করতালি ও উল্লাসে ফেটে পড়ে।
ম্যাচ শেষে রিংয়ে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি সিনা। সতীর্থ ও সাবেক তারকারা এসে তাকে অভিনন্দন জানান। ক্যামেরার দিকে স্যালুট জানিয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই রেসলিং আইকন।
২০০২ সালে ডব্লিউডব্লিউইতে অভিষেক হয় জন সিনার। ২০১৭ সালের পর থেকে খণ্ডকালীনভাবে রিংয়ে লড়াই করলেও গত বছর তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। ক্যারিয়ারে ১৭টি বিশ্ব শিরোপা জিতে ডব্লিউডব্লিউই ইতিহাসের সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। হাল্ক হোগান, স্টোন কোল্ড স্টিভ অস্টিন ও দ্য রকের পাশে চিরস্মরণীয় হয়ে থাকবেন ‘দ্য চ্যাম্প’ জন সিনা।