রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে বিমানের ব্যবস্থা চেয়েছেন। তাঁর দাবি, ওই সময় সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল।
দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এবারই প্রথম জানালেন শেখ হাসিনা। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রের জন্য তাঁর আবেদন করার খবর প্রকাশ করেছিল রয়টার্স। গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে তিনি ভারতে চলে যান। পরে তাঁর কাগজপত্র বাতিল করা হয়।
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। গত রোববার রয়টার্সকে সরকারের একজন মন্ত্রী জানান, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তবে তাঁকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দমন-পীড়নে ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
সরকারের অবস্থান, শেখ হাসিনা পলাতক আসামি। তাঁকে দেশে ফেরাতে ভারত-বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তাঁকে ফেরাতে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনা হবে।
৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও জানান, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ১৪ নভেম্বর তিনি বলেন, প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ভারতের।