যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে নিখোঁজ হওয়ার পর নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। বিষয়টি জানার পর পরিবারের মধ্যে শোক নেমে আসে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বৃষ্টিরই। তার মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে পরিবার বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছে।
এদিকে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
এর আগে একই ঘটনায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হয় ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায়। সেখান থেকে পরবর্তীতে আরও কিছু দেহাংশও উদ্ধার করে পুলিশ।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হঠাৎ নিখোঁজ হন। পরদিন তাদের একজন বন্ধুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। প্রায় এক সপ্তাহের বেশি সময় নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফ দপ্তর।
ঘটনার তদন্তে লিমনের রুমমেট হিশাম আবুঘরবিয়াকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি কালো ব্যাগে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার টাম্পার একটি মসজিদে জামিল আহমেদ লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।