সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেওয়া হবে না। এখন বিরোধীদলের নেতারাও ‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেবো না’—এমন বক্তব্য দিচ্ছেন, যা শেখ হাসিনার রাজনৈতিক ভাষার সঙ্গে মিল রয়েছে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এটি বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণা সঠিক নয়। তার ভাষ্য, ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিএনপি যেসব বিষয়ে একমত নয়, সেগুলো স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বিরোধীদলের আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। তবে আন্দোলনের ভাষা ও কর্মসূচি যেন কোনোভাবেই সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ, সে বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিকে পরিকল্পিতভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ন রাখতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সংসদ কার্যকর থাকলে এবং রাজনৈতিক বিতর্ক গণতান্ত্রিক পদ্ধতিতে হলে শহীদদের আত্মত্যাগ যথার্থ সম্মান পাবে।