জামায়াতে ইসলামী সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিতে আন্দোলন করছে এবং এনসিপির প্রতীক নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। তবে এসব বিষয় নির্বাচনী আয়োজনকে প্রভাবিত করবে না বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল বলেন, “বিগত নির্বাচনে যারা অনিয়মে জড়িত ছিল, তাদেরকে আর দায়িত্বে রাখা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। বিদ্যমান আইনের আওতায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, ভোট কারচুপি প্রতিরোধ ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মোবাইল টিম, মোবাইল কোর্ট, ইলেক্টোরাল ইনকোয়ারি টিম, পর্যবেক্ষক টিম এবং প্রযুক্তিনির্ভর মনিটরিং অ্যাপস।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একে এম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যান্য অতিথিরা।