বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য নিয়োগ কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নয়জন আইনজীবী।
এই তালিকায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, যিনি জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের শ্বশুর। তিনি দীর্ঘদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদলের নেতা এবং বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল জানিয়েছেন, লুৎফর রহমান রাজনৈতিক পরিচয়ের বাইরেও নিজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।