ফাইনালকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, জাতীয় দল শুধু একটি ম্যাচ জেতার জন্য নয়, পুরো দেশের মানুষের আনন্দের জন্য খেলছে। তার ভাষায়, আর্জেন্টিনার ম্যাচের সময় অসংখ্য মানুষ একসঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে খেলা উপভোগ করেন। এমনকি ক্লাব ফুটবলে প্রতিদ্বন্দ্বী সমর্থকরাও সেই মুহূর্তে এক কাতারে দাঁড়ান। এই ঐক্যই তার কাছে দলের সবচেয়ে বড় অর্জন।
লিওনেল মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ৩৯ বছর বয়সেও বিশ্বকাপের ফাইনালে খেলা অসাধারণ একটি অর্জন। তিনি মনে করেন, একসময় যেমন ডিয়েগো ম্যারাডোনাকে সবাই মিস করেছে, তেমনি ভবিষ্যতে মেসিকেও সবাই একইভাবে স্মরণ করবে। তাই ফুটবলপ্রেমীদের এখনই তার খেলা উপভোগ করা উচিত। পাশাপাশি তিনি বলেন, বর্তমান আর্জেন্টিনা দল এমন অনেক সাফল্য অর্জন করেছে, যা কয়েক বছর আগেও অনেকের কল্পনার বাইরে ছিল।
নিজের অনুভূতির কথা জানিয়ে স্কালোনি বলেন, দলের পথচলার কথা মনে হলে অনেক সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এই সাফল্যের পেছনে যারা অবদান রেখেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই দলের সবচেয়ে বড় লক্ষ্য সবসময় জয় অর্জন করা।
স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে স্কালোনি বলেন, শুধু লামিনে ইয়ামাল নন, পুরো স্পেন দলই অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক। ফাইনালের আগে খেলোয়াড়দের উদ্দেশে তার বার্তা, চাপ নয়, বরং মুহূর্তটিকে উপভোগ করতে হবে। কারণ এমন অভিজ্ঞতা একজন ফুটবলারের জীবনে খুব কমবারই আসে।