চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শনিবার (৯ মে) বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় ফোর সিজন রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহের নাইমুল ইসলাম জিহান (বিজিবি সদস্য), একই জেলার নাইম (২১), ভোলার মো. মনির এবং পটিয়ার রেহেনা বেগম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল এবং অপরটি বিপরীত দিক থেকে আসছিল। চুনতি এলাকায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা খায়, অন্যটি পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানের ভেতরে থাকা কেউ হতাহত হয়নি, তবে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
আহতদের মধ্যে মানিকগঞ্জ, কক্সবাজার, ভোলা, গাজীপুরসহ বিভিন্ন জেলার যাত্রীরা রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয় এবং কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।