ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে চলতি মাসের শেষদিকে। ২৯ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন। রোববার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ তথ্য দেন।
তফসিল ঘোষণার আগে ডাকসু নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠন এবং বাস রুট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় মতামত গ্রহণ করে।
সভায় এবারের নির্বাচনে মোট ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি কেন্দ্র নির্ধারিত হল ও ইনস্টিটিউট অনুযায়ী বিভাজন করা হয়েছে। নির্ধারিত কেন্দ্রগুলো হলো:
কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল):
এখানে ভোট দিবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা।
শারীরিক শিক্ষা কেন্দ্র:
জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দিতে পারবেন।
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি):
রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র:
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা এখানেই ভোট দেবেন।
সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ ও ডাইনিং রুম):
এই কেন্দ্রে ভোট দিতে পারবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র:
এখানে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন।
নির্বাচন কমিশন আশা করছে, এই নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠবে।