নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জানিয়েছে, এই ধাপ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ইউনিটটির কমিশনিং কার্যক্রম ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি আরও এগিয়ে গেল।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৮ এপ্রিল শুরু হওয়া জ্বালানি লোডিং কার্যক্রমের আওতায় ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে।
রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা নীতিমালা, পরিচালনাগত বিধি এবং প্রাথমিক কোর লোডিং কর্মসূচি কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের ওপরের অংশ স্থাপন এবং ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থার নিরাপদ ও কার্যকর কার্যক্রম নিশ্চিত করতে ধারাবাহিক পরীক্ষা চালানো হবে।
এনপিসিবিএলের এমডি জাহেদুল হাসান বলেন, শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন পর্যায়ে নেওয়া হবে। পরে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে, যা পরীক্ষামূলক ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথ তৈরি করবে।
রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মোট দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে, যার সম্মিলিত উৎপাদন সক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।