রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। একই সঙ্গে জামিন আদেশ বাতিলের জন্য সরকার দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি পান বেনজীর আহমেদ। বিষয়টি রোববার গণমাধ্যমে প্রকাশিত হয়।
এর আগে দুদকের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের একাধিক মামলার পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে দুবাই পুলিশ।
প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। জামিনের শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের জিম্মায় থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।