জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক না পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, “ইসি সচিব জানিয়েছেন, তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা পাচ্ছে না। কিন্তু এটা কোনো আইনগত বাধা নয়। শুধুমাত্র তালিকায় না থাকার কারণে প্রতীক দেওয়া সম্ভব হয়নি।”
সারজিস আলম প্রশ্ন তোলেন, “যেদিন এনসিপি নিবন্ধনের আবেদন করেছিল, তখন স্পষ্টভাবে বলা হয়েছিল আমরা শাপলা প্রতীক চাই। তাহলে তালিকায় এটি যোগ করার দায়িত্ব কার ছিল? কমিশনে বসে তারা কি শুধু নাটক দেখেছে, নাকি অন্য কোনো প্রভাবেই এটি হয়েছে?”
তিনি আরও বলেন, “সব ধরনের রাজনৈতিক ভণ্ডামিকে আমরা মোকাবিলা করব। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হবে। অন্য কোনো বিকল্প নেই। নাহলে নির্বাচন কীভাবে হবে এবং ক্ষমতায় কে যাবে, আমরা তা দেখব।”
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তালিকায় না থাকার কারণে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না।